
নিজস্ব প্রতিবেদক (পাবনা)
মোঃ গোলাম মোস্তফা :
পাবনার ভাঙ্গুড়ায় সরকারি ভাঙ্গুড়া ইউনিয়ন উচ্চ বিদ্যালয় অ্যান্ড কলেজের চার ছাত্রীকে প্রকাশ্যে উত্ত্যক্ত করার অভিযোগে তিন যুবককে স্থানীয় জনতা আটক করেছে। তবে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাদের ছেড়ে দেওয়ায় ক্ষোভ প্রকাশ করেছেন স্থানীয়রা।
রোববার (২৩ নভেম্বর) দুপুর দেড়টার দিকে ভাঙ্গুড়া বাজার এলাকায় এ ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানান, মোটরসাইকেলে আসা তিন যুবক কলেজের ছাত্রীদের প্রকাশ্যে উত্ত্যক্ত করলে বাজারের দোকানদারসহ স্থানীয় লোকজন এগিয়ে এসে তাদের আটক করেন এবং পুলিশকে খবর দেন।
আটকদের মধ্যে একজনের পরিচয় পাওয়া গেছে—তিনি ভাঙ্গুড়া পৌরসভার কলেজপাড়া মহল্লার উত্তর মেয়েন্দা মো. জিন্দান সওদাগরের ছেলে বাহার উদ্দিন (২২)। বাকি দুইজনের পরিচয় জানা যায়নি।
স্থানীয়দের অভিযোগ, এই যুবকেরা দীর্ঘদিন ধরে স্কুল–কলেজের সামনে অবস্থান নিয়ে ছাত্রীদের উত্ত্যক্ত করে আসছে। কিন্তু পুলিশি তৎপরতা না থাকায় তাদের দৌরাত্ম্য আরও বেড়ে গেছে।
একজন অভিভাবক ক্ষোভ প্রকাশ করে বলেন, “আমাদের মেয়েরা রাস্তায় চলতেই ভয় পায়। প্রতিবাদ করলে উল্টো হুমকি দেয়। পুলিশ কঠোর হলে এগুলো বন্ধ হতো।”
ভাঙ্গুড়া পৌরসভার কমিশনার ও বিএনপি নেতা মো. শহিদুল ইসলাম বলেন, “স্কুল–কলেজ ছুটির সময় হাসপাতাল ও শিক্ষা প্রতিষ্ঠানের সামনে নিয়মিত উত্ত্যক্ত করে এই যুবকরা। আজও চার ছাত্রীকে উত্ত্যক্তের পর স্থানীয়রা ধরে ফেললেও পুলিশ হুমকি দিয়ে তাদের ছেড়ে দেয়।”
সরকারি ভাঙ্গুড়া ইউনিয়ন উচ্চ বিদ্যালয় অ্যান্ড কলেজের অধ্যক্ষ মো. রেজা বলেন, “ছাত্রীদের নিরাপত্তার জন্য আইনশৃঙ্খলা বাহিনীর কঠোর নজরদারি অত্যন্ত জরুরি।”
তবে ভাঙ্গুড়া থানার ওসি মো. শফিকুল ইসলাম অভিযোগ অস্বীকার করে বলেন, “কেউ লিখিত অভিযোগ দেয়নি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।” তিনি দাবি করেন, পুলিশ বাজারে ভিড় দেখে কিছুক্ষণ দাঁড়িয়ে ছিল, আটক ব্যক্তিদের ছাড়ানোর কোনো ঘটনাই ঘটেনি।
ভাঙ্গুড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা তাপস পাল বলেন, “ঘটনার বিষয়ে আমাকে কেউ জানায়নি। খতিয়ে দেখে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।”