
মোঃ মাসুদ বিপ্লব
ঠাকুরগাঁও প্রতিনিধি :
মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, অতীত নিয়ে সময় নষ্ট না করে গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলোকে শক্তিশালী করে দেশকে উন্নয়নের পথে এগিয়ে নিতে হবে। তিনি বলেন, দুর্নীতির বিষয়ে সরকার কখনো কাউকে প্রশ্রয় দেয়নি এবং ভবিষ্যতেও দেবে না; এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দায়িত্ব দুর্নীতি দমন কমিশন (দুদক)-এর।
শনিবার সকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলার বিভিন্ন সরকারি দপ্তরের প্রধানদের সঙ্গে মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, “ব্যক্তিগতভাবে আমি মনে করি, এসব বিষয়ে সময় নষ্ট না করে আমাদের সামনে এগিয়ে যাওয়া উচিত। আমরা কত দ্রুত উন্নয়নের পথে এগিয়ে যেতে পারি এবং গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলোকে কতটা শক্তিশালী করতে পারি, সেটিই এখন প্রধান লক্ষ্য হওয়া উচিত।”
ঠাকুরগাঁওয়ের চলমান উন্নয়ন কার্যক্রমের প্রসঙ্গে তিনি জানান, ইতোমধ্যে বেশ কিছু প্রকল্প বাস্তবায়নাধীন রয়েছে এবং পর্যায়ক্রমে অন্যান্য উন্নয়ন কাজও এগিয়ে নেওয়া হবে। জেলার মেডিকেল কলেজ স্থাপনের বিষয়ে একটি প্রতিনিধি দল পরিদর্শনে রয়েছে এবং সবকিছু ঠিক থাকলে আগামী ছয় মাসের মধ্যে, অর্থাৎ ২০২৬ সালের মধ্যেই এর কার্যক্রম শুরু হতে পারে বলে আশা প্রকাশ করেন তিনি।
তিনি আরও বলেন, প্রধানমন্ত্রীর অগ্রাধিকারমূলক কর্মসূচি ‘ফ্যামিলি কার্ড’ পরীক্ষামূলকভাবে চালু করার প্রস্তুতি চলছে। সদর উপজেলার রহিমানপুর ইউনিয়নের একটি ওয়ার্ডে পরীক্ষামূলকভাবে এ কার্যক্রম শুরু হলে সাধারণ মানুষ উপকৃত হবে।
মাদকবিরোধী কার্যক্রম জোরদারের ওপর গুরুত্বারোপ করে মির্জা ফখরুল বলেন, “ঠাকুরগাঁওয়ে সম্মিলিতভাবে মাদক নির্মূলে কাজ করতে হবে। এ বিষয়ে আজ থেকেই প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়েছে।” পাশাপাশি খাদ্য নিরাপত্তা নিশ্চিতকরণ এবং নারীদের স্বাবলম্বী করতে বিভিন্ন পদক্ষেপ নেওয়া হবে বলেও জানান তিনি।
জেলার উন্নয়ন প্রসঙ্গে তিনি বলেন, ট্রেনের বগির মান ও পরিষ্কার-পরিচ্ছন্নতা আগের মতো উন্নত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ প্রয়োজনীয় পদক্ষেপ নেবে। এছাড়া জেলার সার্বিক উন্নয়ন কার্যক্রম অব্যাহত থাকবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
সভায় জেলা প্রশাসক ইশরাত ফারজানার সভাপতিত্বে বক্তব্য দেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. নাজমুল হক সুমন, পুলিশ সুপার মো. বেলাল হোসেন, জেলা বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর সভাপতি ও সাবেক পৌর মেয়র মির্জা ফয়সল আমীন এবং সাধারণ সম্পাদক মো. পয়গাম আলীসহ জেলার বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তারা।
এর আগে জেলা প্রশাসকের কার্যালয়ে পৌঁছালে জেলা প্রশাসনের পক্ষ থেকে তাকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়। পরে তিনি ঠাকুরগাঁও কেন্দ্রীয় বাস টার্মিনালে ঢাকাসহ দূরপাল্লার কোচ কাউন্টারের উদ্বোধন করেন। এছাড়া শহরের আশ্রম পাড়ায় অবস্থিত রামকৃষ্ণ আশ্রম, ঠাকুরগাঁও পরিদর্শন করে হিন্দু সম্প্রদায়ের নেতৃবৃন্দের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন।
বিকেলে ঠাকুরগাঁও সরকারি বালক উচ্চ বিদ্যালয় মাঠ প্রাঙ্গণে মির্জা রুহুল আমিন স্মৃতি সংসদ ও জেলা বিএনপি আয়োজিত ইফতার মাহফিলে যোগ দেন তিনি।
সভায় বক্তারা জেলার চলমান উন্নয়ন কার্যক্রম আরও গতিশীল করার ওপর গুরুত্বারোপ করেন এবং ভবিষ্যতেও সমন্বিতভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।