
মোঃ মাসুদ রানা,
ঝিনাইদহ প্রতিনিধি :
ঝিনাইদহের শৈলকুপা উপজেলায় সামাজিক আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষে মোহন শেখ (৬০) নামে এক কৃষক নিহত হয়েছেন। এ ঘটনায় নারীসহ অন্তত ১৫ জন আহত হয়েছেন।
বৃহস্পতিবার সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার মনোহরপুর ইউনিয়নের মাধবপুর গ্রামের খালপাড় এলাকায় এ সংঘর্ষের ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, একই ইউনিয়নের ওয়ার্ড বিএনপির সভাপতি শের আলী ও সাধারণ সম্পাদক মসিউর রহমানের মধ্যে দীর্ঘদিন ধরে আধিপত্য বিস্তার নিয়ে বিরোধ চলছিল। এরই জের ধরে বৃহস্পতিবার সকালে উভয় পক্ষের সমর্থকরা দেশীয় অস্ত্র নিয়ে মুখোমুখি অবস্থান নেয় এবং এক পর্যায়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে উভয় পক্ষের অন্তত ১৫ জন আহত হন।
আহতদের উদ্ধার করে শৈলকুপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসক মোহন শেখকে মৃত ঘোষণা করেন। নিহত মোহন শেখ মসিউর রহমানের সমর্থক বলে স্থানীয়রা জানিয়েছেন।
শৈলকুপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক ডা. নাহিদ এমরান তন্নি জানান, মোহন শেখকে মৃত অবস্থায় হাসপাতালে আনা হয়। আহতদের মধ্যে কয়েকজনকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে এবং গুরুতর অবস্থায় থাকা আব্বাস শেখকে উন্নত চিকিৎসার জন্য ফরিদপুরে পাঠানো হয়েছে।
শৈলকুপা থানার অফিসার ইনচার্জ (ওসি) হুমায়ুন কবির মোল্লা বলেন, আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে এ সংঘর্ষের ঘটনা ঘটেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
ঘটনার পর এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে।