
ঠাকুরগাঁও প্রতিনিধি :
জ্বালানী তেলের সরবরাহ স্বাভাবিক থাকলেও দেশে যে সংকটের চিত্র দেখা যাচ্ছে, তা মূলত কিছু অসাধু ব্যবসায়ীর সৃষ্টি—এমন মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, “তেলের কোনো ঘাটতি নেই, কিন্তু কৃত্রিমভাবে সংকট তৈরি করে বেশি দামে বিক্রির মাধ্যমে কিছু মানুষ অনৈতিক ব্যবসা করছে, যা দেশ ও জাতির জন্য ক্ষতিকর।”
শুক্রবার বিকেলে ঠাকুরগাঁও শহরের মির্জা রুহুল আমিন অডিটোরিয়ামে দুর্যোগে ক্ষতিগ্রস্তদের মাঝে ঢেউটিন, চেক ও বরাদ্দপত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, ঠাকুরগাঁওয়ে আসার পথে বিভিন্ন পেট্রোল পাম্পে দীর্ঘ গাড়ির সারি লক্ষ্য করেছেন। “এই সংকট তেলের অভাবে নয়, বরং মানুষের তৈরি। কিছু অসাধু ব্যবসায়ী নৈরাজ্য সৃষ্টির চেষ্টা করছে, যা কোনোভাবেই মেনে নেওয়া যায় না,”—যোগ করেন তিনি।
দেশে তেলের কোনো প্রকৃত সংকট নেই উল্লেখ করে মির্জা ফখরুল বলেন, আন্তর্জাতিক পরিস্থিতির প্রভাব, বিশেষ করে ইরান-আমেরিকা উত্তেজনা, বিশ্ববাজারে প্রভাব ফেলেছে। এর প্রভাব বাংলাদেশেও পড়েছে। এ পরিস্থিতিতে জেলা প্রশাসনকে কঠোর নজরদারির নির্দেশ দেওয়া হয়েছে, যাতে কেউ অতিরিক্ত দামে তেল বিক্রি করে জনগণকে ভোগান্তিতে ফেলতে না পারে।
অনুষ্ঠানে তিনি জানান, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের আওতায় ঝড় ও শিলাবৃষ্টিতে ক্ষতিগ্রস্ত ৫০০ পরিবারের মাঝে এক বান্ডিল করে টিন ও ৩ হাজার টাকা করে নগদ সহায়তা দেওয়া হবে। এছাড়া ৮০টি পরিবারকে ৬ হাজার টাকা করে প্রদান করা হবে। জেলা পরিষদের পক্ষ থেকে আরও ৭০ পরিবারকে টিন এবং ৬০ পরিবারকে ৫ হাজার টাকা করে দেওয়া হবে।
এছাড়াও ৮৮টি প্রতিষ্ঠানের মাঝে প্রায় ৯০ লাখ টাকার বরাদ্দপত্র বিতরণ এবং বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠানের জন্য প্রায় ১৪ কোটি ৭০ লাখ টাকার চেক প্রদান করা হবে বলে জানান তিনি।
উন্নয়ন কার্যক্রমের বিষয়ে তিনি বলেন, এলজিইডির মাধ্যমে প্রায় দেড় হাজার কোটি টাকার সড়ক উন্নয়ন প্রকল্প চলমান রয়েছে এবং আরও সমপরিমাণ অর্থের নতুন প্রকল্প গ্রহণ করা হয়েছে। এছাড়া মেডিকেল কলেজ, বিশ্ববিদ্যালয়, বিমানবন্দর ও সড়ক উন্নয়নসহ বিভিন্ন অবকাঠামোগত কাজ এগিয়ে চলছে।
মির্জা ফখরুল আরও বলেন, “দেশের স্থিতিশীলতা নষ্ট করতে একটি গোষ্ঠী কাজ করছে। জনগণের ঐক্যের মাধ্যমে আমরা ফ্যাসিবাদী শক্তিকে পরাজিত করেছি। এখন একটি শান্তিপূর্ণ, উন্নত ও স্থিতিশীল বাংলাদেশ গড়ে তুলতে হবে।”
জেলা প্রশাসনের আয়োজনে অনুষ্ঠিত এ কর্মসূচিতে জেলা প্রশাসক মো. রফিকুল হকসহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা, বিএনপির স্থানীয় নেতৃবৃন্দ এবং সুবিধাভোগীরা উপস্থিত ছিলেন।