
মোঃ মাসুদ রানা,
ঝিনাইদহ প্রতিনিধি:
ঝিনাইদহের কালীগঞ্জে সরকার নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে এলপি গ্যাস সিলিন্ডার বিক্রির অভিযোগে আওয়ামী লীগ নেতা কামাল আহমেদ বাবু ওরফে গ্যাস বাবুর ডিলার প্রতিষ্ঠানের একটি বিক্রয় কেন্দ্রকে ১০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। এ সময় গ্যাস সিলিন্ডারবোঝাই একটি ট্রাক আটক করা হয়। পরে ট্রাকে থাকা প্রায় ১৫০টি সিলিন্ডার ব্যবসায়ীদের কাছে ন্যায্যমূল্যে বিক্রির ব্যবস্থা করা হয়।
শনিবার (১৪ নভেম্বর) রাত সাড়ে ৮টার দিকে কালীগঞ্জ পৌর শহরের মহিলা কলেজ এলাকায় এ ঘটনা ঘটে। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন কালীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রেজওয়ানা নাহিদ।
স্থানীয় সূত্রে জানা যায়, সরকার নির্ধারিত ১২ কেজি ওজনের এলপি গ্যাস সিলিন্ডারের মূল্য ২ হাজার ৬০ টাকা। তবে ঝিনাইদহের বসুন্ধরা এলপি গ্যাসের ডিলার প্রতিষ্ঠান ‘গ্যাস ঘর’ কালীগঞ্জের ব্যবসায়ীদের কাছে প্রতিটি সিলিন্ডার ২ হাজার ৪০০ টাকায় বিক্রি করছিল বলে অভিযোগ ওঠে। নির্ধারিত দামের চেয়ে বেশি দামে গ্যাস বিক্রির বিষয়টি জানাজানি হলে স্থানীয়রা সিলিন্ডারবোঝাই ট্রাকটি আটকে উপজেলা প্রশাসনকে খবর দেন।
খবর পেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা রেজওয়ানা নাহিদ ঘটনাস্থলে পৌঁছান। এ সময় স্থানীয়দের দেওয়া তথ্যের সত্যতা পাওয়ায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে প্রতিষ্ঠানটিকে ১০ হাজার টাকা জরিমানা করেন। একই সঙ্গে ট্রাকে থাকা প্রায় ১৫০টি গ্যাস সিলিন্ডার ব্যবসায়ীদের কাছে ন্যায্যমূল্যে বিক্রির ব্যবস্থা করেন।
স্থানীয়দের দাবি, জরিমানার আওতায় আসা ‘গ্যাস ঘর’ প্রতিষ্ঠানটি বসুন্ধরা এলপি গ্যাসের ঝিনাইদহের ডিলারের অধীন একটি বিক্রয় কেন্দ্র। প্রতিষ্ঠানটির মালিক কামাল আহমেদ বাবু ওরফে গ্যাস বাবু। তিনি ঝিনাইদহ জেলা আওয়ামী লীগের ত্রাণ ও সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক। এ ছাড়া তিনি ঝিনাইদহ-৪ আসনের সাবেক সংসদ সদস্য আনোয়ারুল আজিম আনার হত্যা মামলার অন্যতম আসামি।
উপজেলা নির্বাহী কর্মকর্তা রেজওয়ানা নাহিদ বলেন, ঘটনাস্থলে গিয়ে স্থানীয়দের মৌখিক অভিযোগের সত্যতা পাওয়ায় গ্যাস সিলিন্ডার বিক্রির প্রতিষ্ঠানটিকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। একই সঙ্গে গাড়িতে থাকা প্রায় ১৫০টি সিলিন্ডার ব্যবসায়ীদের কাছে ন্যায্যমূল্যে বিক্রির ব্যবস্থা করা হয়েছে। এ ধরনের ঘটনা প্রতিরোধে প্রশাসন সর্বোচ্চ সচেষ্ট রয়েছে।