সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ০২:৫৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
আওয়ামী লীগ ধীরে ধীরে নিঃশেষ হয়ে গেছে: শামা ওবায়েদ ব্রাহ্মণবাড়িয়া জেলার আখাউড়া সীমান্তে আকস্মিক সফরে বিজিবি মহাপরিচালকের আগমন নবীনগর প্রেসক্লাবের ৪১ বছরে পদার্পণ, কেক কাটা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত রূপগঞ্জে পূর্ব শত্রুতার জেরে সাংবাদিকের অন্তঃসত্ত্বা স্ত্রী ও শিশুকে আঘাতের অভিযোগ, থানায় মামলা/অভিযোগ দায়ের মোংলায় ১০ কেজি গাঁজাসহ মাদক কারবারি গ্রেপ্তার কাইনমারিতে এসআরবি-৬-এর অভিযান, পুলিশের কাছে হস্তান্তর টেকনাফে ইজিবাইকের পেছনে মিলল ১৩ গ্রেনেড, ৭৬ রাউন্ড এমজি গুলি আশুগঞ্জে ১৫ কেজি গাঁজাসহ ০২ মাদক কারবারী গ্রেফতার ব্রাহ্মণপাড়ায় পৃথক অভিযানে মাদকসহ গ্রেপ্তার ১১ পার্বতীপুরে বৈরী আবহাওয়ায়ও ভুট্টা পরিচর্যায় ব্যস্ত কৃষকরা চরকিং ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী হওয়ার ঘোষণা দিলেন সাবেক ইউপি সদস্য মনির উদ্দিন

স্কুল ফিডিং বন্ধ, জলঢাকায় কমেছে প্রাথমিক শিক্ষার্থীর উপস্থিতি

  • আপডেট সময় : শনিবার, ২১ নভেম্বর, ২০২৬
  • ২১ বার পঠিত

মনিরুজ্জামান মিলন পাটোয়ারী, জলঢাকা

নীলফামারীর জলঢাকায় সরকারি প্রাথমিক বিদ্যালয়গুলোতে স্কুল ফিডিং প্রকল্পের আওতায় খাদ্যসামগ্রী সরবরাহ বন্ধ হওয়ার পর শিক্ষার্থীদের উপস্থিতিতে নিম্নমুখী প্রবণতা দেখা দিয়েছে। প্রকল্পটি বন্ধ হওয়ার মাত্র তিন সপ্তাহের ব্যবধানে উপজেলার বিভিন্ন বিদ্যালয়ে শিক্ষার্থীদের উপস্থিতি তুলনামূলক কমেছে বলে জানিয়েছেন শিক্ষকরা। এতে উদ্বেগ ও উৎকণ্ঠা প্রকাশ করেছেন প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও সহকারী শিক্ষকরা। তাঁদের মতে, স্কুল ফিডিং কর্মসূচি চালু থাকায় কোমলমতি শিক্ষার্থীদের বিদ্যালয়ে আসার আগ্রহ বেড়েছিল। কিন্তু খাদ্যসামগ্রী সরবরাহ বন্ধ হওয়ায় সেই আগ্রহে ভাটা পড়ছে। তাই শিশুদের বিদ্যালয়মুখী রাখতে প্রকল্পটি পুনরায় চালুর দাবি জানিয়েছেন তাঁরা।
সম্প্রতি জলঢাকা উপজেলার বিভিন্ন সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সরেজমিন অনুসন্ধানে শিক্ষার্থীদের উপস্থিতির এমন চিত্র উঠে এসেছে। বিদ্যালয়ভিত্তিক তথ্য অনুযায়ী, অনেক প্রতিষ্ঠানে মোট শিক্ষার্থীর তুলনায় বর্তমানে উপস্থিত শিক্ষার্থীর সংখ্যা উল্লেখযোগ্যভাবে কম। কোথাও কোথাও মোট শিক্ষার্থীর প্রায় এক-চতুর্থাংশ বা তারও বেশি অনুপস্থিত থাকছে। শিক্ষকরা বলছেন, স্কুল ফিডিং প্রকল্প বন্ধ হওয়ার পর শিক্ষার্থীদের বিদ্যালয়ে ধরে রাখা আগের তুলনায় কঠিন হয়ে পড়েছে। সূত্র জানায়, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের উদ্যোগে প্রাথমিক শিক্ষা মন্ত্রণালয়ের তত্ত্বাবধানে এবং ইকো-সোশ্যাল ডেভেলপমেন্ট অর্গানাইজেশন (ইএসডিও) বাস্তবায়নকারী প্রতিষ্ঠান হিসেবে স্কুল ফিডিং প্রকল্পটি পরিচালনা করে। প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষার্থীদের উপস্থিতি বাড়ানো, শিশুদের পুষ্টি নিশ্চিত করা এবং গ্রামীণ হতদরিদ্র নারীদের আর্থসামাজিক উন্নয়নের লক্ষ্যে পরীক্ষামূলক ভাবে ১৮ মাসের জন্য এ কর্মসূচি চালু করা হয়। গত ১১ নভেম্বর ২০২৬ প্রকল্পটির মেয়াদ শেষ হওয়ায় বিদ্যালয়গুলোতে খাদ্যসামগ্রী সরবরাহ বন্ধ হয়ে যায়। বিদ্যালয়ভিত্তিক উপস্থিতির চিত্র
শৌলমারী ইউনিয়নের কালীরডাঙ্গা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মোট শিক্ষার্থী ১৭০ জন। স্কুল ফিডিংয়ের আওতায় খাদ্যসামগ্রী পেত ১৫৩ জন। গত ১৯ নভেম্বর বিদ্যালয়টিতে উপস্থিত ছিল ১০২ জন শিক্ষার্থী। একই ইউনিয়নের কৈবর্তপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মোট শিক্ষার্থী ২১১ জন, ফিডিং পেত ১৯০ জন এবং বর্তমান উপস্থিতি ১৩৫ জন। সিংড়িয়া চাকলাপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মোট শিক্ষার্থী ১৬৭ জন, ফিডিং পেত ১৫১ জন এবং উপস্থিত ছিল ১৩০ জন। খামার কৈমারী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মোট শিক্ষার্থী ৮৮ জন, ফিডিং পেত ৬৮ জন এবং উপস্থিতি ছিল ৫০ জন। বালাপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মোট শিক্ষার্থী ১৭৯ জন, ফিডিং পেত ১৬১ জন এবং উপস্থিতি ১৪০ জন। বালাপাড়া আদর্শ গুচ্ছগ্রাম সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মোট শিক্ষার্থী ৯৯ জন, ফিডিংয়ের আওতায় খাদ্যসামগ্রী পেত ৮৯ জন এবং বর্তমানে উপস্থিতি ৫৫ জন। উত্তর দেশিবাই সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মোট শিক্ষার্থী ৩৪৩ জন, ফিডিংয়ের আওতায় বরাদ্দ ছিল ৩০৮ জনের এবং বর্তমান উপস্থিতি ২৪৫ জন। কাঁঠালি ইউসি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মোট শিক্ষার্থী ৩২৯ জন, ফিডিং পেত ২৮৫ জন এবং উপস্থিতি ২৫০ জন। দক্ষিণ দেশিবাই রহমানিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মোট শিক্ষার্থী ১৯৪ জন, ফিডিং পেত ১৭৫ জন এবং উপস্থিতি ১৪০ জন।
খেরকাটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মোট শিক্ষার্থী ২০২ জন, ফিডিং পেত ১৮২ জন এবং উপস্থিতি ১৪৫ জন। দক্ষিণ পাইটকাপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মোট শিক্ষার্থী ১৭৫ জন, ফিডিং পেত ১৬০ জন এবং উপস্থিতি ১২০ জন। পশ্চিম বালাগ্রাম সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মোট শিক্ষার্থী ১১৭ জন, ফিডিং পেত ১০৫ জন এবং উপস্থিতি ৮৫ জন। কাজীরহাট সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মোট শিক্ষার্থী ২১৫ জন, ফিডিং পেত ১৯৪ জন এবং উপস্থিতি ১৪০ জন। উত্তর বালাপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মোট শিক্ষার্থী ৯৮ জন, ফিডিং পেত ৮৮ জন এবং বর্তমান উপস্থিতি মাত্র ৬৫ জন। এদিকে নেকবক্ত সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মোট শিক্ষার্থী ৩৭৩ জন। স্কুল ফিডিংয়ের আওতায় খাদ্যসামগ্রী পেত ৩৩৬ জন এবং বর্তমানে উপস্থিতি ২৮৫ জন। বিদ্যালয়টির সহকারী শিক্ষক মাইদুল ইসলাম এ তথ্য জানান। দক্ষিণ নেকবক্ত আদর্শ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মোট শিক্ষার্থী ১৩০ জন, ফিডিং পেত ১১৭ জন এবং বর্তমান উপস্থিতি ৮০ জন। বিদ্যালয়টির প্রধান শিক্ষিকা মোছা. সাহিনা হক সরকার এ তথ্য নিশ্চিত করেন। গোলমুন্ডা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মোট শিক্ষার্থী ২৫০ জন, ফিডিংয়ের আওতায় খাদ্যসামগ্রী পেত ২১২ জন এবং বর্তমানে উপস্থিতি ২০০ জন। বিদ্যালয়টির প্রধান শিক্ষক আফতাব উদ্দিন এ তথ্য জানান। উপস্থিতির হার নিয়ে উদ্বেগ
বিদ্যালয়ভিত্তিক তথ্য বিশ্লেষণে দেখা যায়, অনেক প্রতিষ্ঠানে মোট শিক্ষার্থীর তুলনায় বর্তমান উপস্থিতি কম। উদাহরণস্বরূপ, কালীরডাঙ্গা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মোট ১৭০ জন শিক্ষার্থীর মধ্যে উপস্থিত ছিল ১০২ জন, অর্থাৎ প্রায় ৬০ শতাংশ। বালাপাড়া আদর্শ গুচ্ছগ্রাম সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ৯৯ জনের মধ্যে উপস্থিত ছিল ৫৫ জন, যা মোট শিক্ষার্থীর প্রায় ৫৬ শতাংশ। দক্ষিণ নেকবক্ত আদর্শ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ১৩০ জনের মধ্যে উপস্থিত ছিল ৮০ জন, অর্থাৎ প্রায় ৬২ শতাংশ। এমন চিত্রে শিক্ষকদের আশঙ্কা, স্কুল ফিডিং প্রকল্প বন্ধ থাকলে নতুন শিক্ষাবর্ষে শিক্ষার্থীদের বিদ্যালয়ে নিয়মিত উপস্থিতি নিশ্চিত করা আরও কঠিন হয়ে পড়বে। তবে প্রকল্প বন্ধের আগে ও পরে একই সময়ের উপস্থিতির তুলনামূলক তথ্য না থাকায় শুধু বর্তমান উপস্থিতির হার দিয়ে প্রকল্প বন্ধের কারণে ঠিক কত শতাংশ উপস্থিতি কমেছে, তা নিশ্চিত ভাবে বলা যাচ্ছে না। শিক্ষকদের উদ্বেগ, প্রকল্প চালুর দাবি, দক্ষিণ পাইটকাপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক জসিয়ার রহমান বলেন, সরকারের বাস্তবায়িত স্কুল ফিডিং প্রকল্পটি বেশ ভালো ফল দিয়েছে। শিক্ষার্থীরা বিদ্যালয়ে আসতে আগ্রহী হয়েছিল। বছরের শেষ পর্যায়ে প্রকল্পটি বন্ধ না হয়ে নতুন শ্রেণিতে ওঠার পর বন্ধ হলে পরিস্থিতি সামাল দেওয়া সহজ হতো। এখন শিক্ষার্থীদের বিদ্যালয়ে ধরে রাখা আমাদের জন্য কঠিন হয়ে পড়বে কালীরডাঙ্গা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সবিতা রানী রায় বসুনিয়া বলেন, স্কুল ফিডিং প্রকল্পের মাধ্যমে খাদ্যসামগ্রী সরবরাহ থাকায় কোমলমতি শিক্ষার্থীরা প্রতিদিন বিদ্যালয়ে আসত। অভিভাবক রাও সন্তানদের নিজের হাতে বিদ্যালয়ে রেখে যেতেন। এতে শিক্ষার্থীদের স্কুলমুখী হওয়ার আগ্রহ বেড়েছিল। কিন্তু প্রকল্পটি আকস্মিক ভাবে বন্ধ হয়ে যাওয়ায় মাত্র তিন সপ্তাহের ব্যবধানে শিক্ষার্থীদের উপস্থিতি কমতে শুরু করেছে। নতুন শ্রেণিতে শিক্ষার্থীদের ধরে রাখাও এখন বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়াবে। খেরকাটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক অঞ্জলি রানী রায় বলেন, “স্কুল ফিডিং চালু থাকায় শিক্ষার্থীরা নিজেরাই বিদ্যালয়ে আসত। এখন প্রকল্পটি বন্ধ হওয়ায় বাড়ি বাড়ি গিয়ে শিক্ষার্থীদের বিদ্যালয়ে নিয়ে আসতে হচ্ছে। আমরা শিক্ষকরা চাই, সরকার যেন প্রকল্পটি আবারও চালু করে।
২৪৮ বিদ্যালয়ে ৩৬ হাজারের বেশি শিক্ষার্থী পেয়েছে খাদ্যসামগ্রী নীলফামারী জেলা স্কুল ফিডিং কর্মসূচির ইএসডিওর জেলা ব্যবস্থাপক সামসুল আলম জানান, সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষার্থীদের উপস্থিতি বাড়ানো, শিশুদের স্বাস্থ্যসম্মত খাদ্য সরবরাহ এবং গ্রামীণ হতদরিদ্র নারীদের আর্থসামাজিক উন্নয়নের লক্ষ্যে সরকার পরীক্ষামূলকভাবে ১৮ মাসের জন্য এ প্রকল্প চালু করেছিল। চলতি বছরের ১১ নভেম্বর প্রকল্পটির মেয়াদ শেষ হয়েছে। তিনি আরও জানান, প্রকল্পের আওতায় জলঢাকা উপজেলার ২৪৮টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৩৬ হাজার ৫৩৩ জন শিক্ষার্থীর জন্য দৈনন্দিন স্বাস্থ্যসম্মত খাদ্যসামগ্রী সরবরাহ করা হয়েছে। এসব খাদ্যসামগ্রী সরবরাহ করেছেন জলঢাকা উপজেলার ১৮১ জন হতদরিদ্র নারী উদ্যোক্তা।
সামসুল আলম বলেন, স্কুল ফিডিং প্রকল্প বাস্তবায়নের ফলে বিদ্যালয়গুলোতে কোমলমতি শিক্ষার্থীদের উপস্থিতি বৃদ্ধি পেয়েছিল। পাশাপাশি গ্রামীণ পর্যায়ে হতদরিদ্র নারীদের কর্মসংস্থান সৃষ্টি ও নারী উদ্যোক্তা তৈরিতেও প্রকল্পটি গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। সরকারের পক্ষ থেকে প্রকল্পটি বাস্তবায়নে ইএসডিও যথাযথ ভূমিকা পালন করেছে। শিক্ষকদের মতে, স্কুল ফিডিং প্রকল্পটি শুধু শিশুদের খাদ্য সরবরাহের কর্মসূচি নয়, বরং প্রাথমিক শিক্ষায় শিক্ষার্থীদের উপস্থিতি বৃদ্ধি এবং ঝরে পড়া রোধে কার্যকর একটি উদ্যোগ। তাই শিশুদের বিদ্যালয়মুখী রাখতে, নিয়মিত উপস্থিতি নিশ্চিত করতে এবং নতুন শিক্ষাবর্ষে শিক্ষার্থীদের বিদ্যালয়ে ধরে রাখতে প্রকল্পটি পুনরায় চালুর বিষয়ে সরকারের দ্রুত পদক্ষেপ কামনা করেছেন তাঁরা। ভয়

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2022 daily Ajker Songram
Customized By Shakil IT Park