
মোঃ সুজন আহমেদ
সিরাজগঞ্জ
আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার বাঙ্গালা ইউনিয়নে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) থেকে সভাপতি পদে মনোনয়ন প্রত্যাশী হিসেবে মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন ইউনিয়নের সাবেক ইউপি সদস্য মোহাম্মদ ফজলুল হক।
গত ১৯ নভেম্বর সিরাজগঞ্জ জেলা বিএনপির সম্মেলন প্রস্তুতি কমিটির কাছ থেকে তিনি সভাপতি পদে মনোনয়ন ফরম সংগ্রহ করেন।
মোহাম্মদ ফজলুল হক বলেন, দল থেকে তাঁকে সভাপতি পদে মনোনয়ন দেওয়া হলে তিনি জনগণের পাশে থেকে কাজ করবেন। মানুষের সুখে-দুঃখে পাশে থাকার পাশাপাশি বাঙ্গালা ইউনিয়নের রাস্তাঘাটের উন্নয়ন, এলাকার সার্বিক অবকাঠামোগত উন্নয়ন এবং মাদক, সন্ত্রাস ও চাঁদাবাজিমুক্ত সমাজ গঠনে কাজ করবেন।
তিনি আরও বলেন, ২০০৪ সালে ‘ক্লিন হার্ট’ অভিযানের সময় তিনি গ্রেপ্তার হয়েছিলেন। তাঁর অভিযোগ, সে সময় যৌথ বাহিনীর নির্যাতনে তিনি পায়ে আঘাত পান। সেই আঘাতের কারণে এখনো তিনি স্বাভাবিকভাবে হাঁটাচলা করতে পারেন না।
ফজলুল হক জানান, তিনি জনগণের ভালোবাসা ও সমর্থন নিয়ে বাঙ্গালা ইউনিয়নের উন্নয়ন এবং সাধারণ মানুষের অধিকার প্রতিষ্ঠায় কাজ করতে চান।
এদিকে বাঙ্গালা ইউনিয়নের স্থানীয় জনগণের একটি অংশের প্রত্যাশা, ইউনিয়নের নেতৃত্বে এবার নতুন মুখ আসুক। তাঁদের মতে, নতুন নেতৃত্বের মাধ্যমে এলাকার উন্নয়ন, জনসেবা এবং সাধারণ মানুষের প্রত্যাশা পূরণে ইতিবাচক পরিবর্তন আসতে পারে।
এ সময় ফজলুল হক দলীয় নেতাকর্মীসহ ইউনিয়নের সর্বস্তরের মানুষের দোয়া, সমর্থন ও সহযোগিতা কামনা করেন।