
মোঃ সোহেল রানা
(রাজশাহী):
রাজশাহীর মোহনপুর উপজেলায় প্রতিবেশীর বসতবাড়ির টিনের চাল বেয়ে বৃষ্টির পানি পড়ে মাটির দেয়াল নষ্ট হওয়ার বিষয়টি নিয়ে কথা বলতে গিয়ে মারধর ও হামলার শিকার হয়েছেন এক বৃদ্ধ। এ ঘটনায় ভুক্তভোগী বাদী হয়ে মোহনপুর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।
অভিযোগ সূত্রে জানা গেছে, উপজেলার ধুরইল (উত্তরপাড়া) গ্রামের বাসিন্দা মো. শরিফুল ইসলাম (৬৫) এবং অভিযুক্ত মো. বেলাল (৩৫) ও মোছা. রুমি খাতুনের (৩২) বসতবাড়ি পাশাপাশি অবস্থিত। অভিযোগ অনুযায়ী, প্রতিবেশীদের ঘরের টিনের চাল বেয়ে বৃষ্টির পানি শরিফুল ইসলামের বসতবাড়িতে পড়ায় তার মাটির দেয়াল ক্ষতিগ্রস্ত হয়।
গত ২৪ নভেম্বর (মঙ্গলবার) দুপুর আনুমানিক সাড়ে ১২টার দিকে নিজ বাড়ির সামনে রুমি খাতুনকে দেখতে পেয়ে বিষয়টি জানান শরিফুল ইসলাম। এতে ক্ষিপ্ত হয়ে রুমি খাতুন তাকে অকথ্য ভাষায় গালিগালাজ শুরু করেন। বিষয়টি বোঝানোর চেষ্টা করলে তিনি আরও উত্তেজিত হয়ে মোবাইল ফোনে তার স্বামী বেলালকে বাড়িতে ডেকে আনেন।
অভিযোগে আরও উল্লেখ করা হয়, বেলাল ঘটনাস্থলে পৌঁছে শরিফুল ইসলামকে গালিগালাজ করেন এবং একপর্যায়ে এলোপাতাড়ি মারধর করে শরীরের বিভিন্ন স্থানে জখম করেন। এ সময় রুমি খাতুন ঘর থেকে হাসুয়া ও দা এনে বেলালের হাতে তুলে দেন বলে অভিযোগ করা হয়েছে। প্রাণনাশের উদ্দেশ্যে দায়ের কোপ দিলে আত্মরক্ষার্থে শরিফুল ইসলাম বাম হাত সামনে এগিয়ে দিলে তা হাতে লেগে রক্তাক্ত জখম হন। পরবর্তীতে সিমেন্টের ভাঙা খুঁটি ছুড়ে মারলে তা বুকে লেগে তিনি মাটিতে লুটিয়ে পড়েন।
পরে শরিফুল ইসলামের চিৎকারে তার ছেলে মো. ছানোয়ার হোসেন (২৩) ও আশপাশের প্রতিবেশীরা এগিয়ে এসে তাকে উদ্ধার করেন এবং মোহনপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করান।
ভুক্তভোগী শরিফুল ইসলাম জানান, অভিযুক্তরা এর আগেও তার সঙ্গে ঝগড়া-বিবাদ ও মারমুখী আচরণ করেছে এবং বর্তমানে তিনি চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন। ঘটনায় মো. সফি (৩৫) ও মো. রিয়াজ উদ্দিন (৬০)-সহ স্থানীয় আরও অনেকে অবগত রয়েছেন বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।
এ বিষয়ে তদন্তপূর্বক প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য মোহনপুর থানার অফিসার ইনচার্জের কাছে লিখিত আবেদন জানিয়েছেন ভুক্তভোগী