
বিশেষ প্রতিনিধি:
রাজনৈতিক দুই দলের সমাবেশ ঘিরে ঢাকা-আরিচা মহাসড়কের বিভিন্ন স্থানে বসেছে পুলিশের তল্লাশি চেকপোস্ট। ঢাকামুখী বাস, মাইক্রোবাস, মোটরসাইকেলসহ বিভিন্ন যাত্রী পরিবহনে তল্লাশি চালাচ্ছেন আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা। সন্দেহজনক মনে হলে জিজ্ঞাসাবাদের পর বেশ কয়েকজনকে আটক করা হয়েছে। যাচাই-বাছাই শেষে ছেড়ে দিচ্ছেন অনেকে।
শুক্রবার (২৮ জুলাই) ঢাকা-আরিচা মহাসড়কের নবীনগর, সাভার, হেমায়েতপুর, আমিনবাজার এলাকায় তল্লাশি চালাচ্ছেন আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা। এ ছাড়া সাভারের বিরুলিয়া, আশুলিয়ার ধউর, জিরানী, জিরাবো ও বাইপাইলেও তল্লাশি করা হচ্ছে। এর মধ্যে সাভারের আমিনবাজার এলাকার তল্লাশিচৌকিতে সকাল ৬টা থেকে সাড়ে ৮টা পর্যন্ত দুই দফায় পুলিশের প্রিজন ভ্যানে করে আটকে রাখা অর্ধশত ব্যক্তিকে নিয়ে যেতে দেখা যায়। এ ছাড়া আমিনবাজারে ঢাকার প্রবেশপথে সাধারণ যাত্রীদের ভোগান্তিতে পড়তে দেখা যায়।
পুলিশের তল্লাশির ফলে সকাল থেকে ঢাকামুখী প্রায় এক কিলোমিটার যানজটের সৃষ্টি হয়। তবে সকাল ১১টার পর থেকে যান চলাচল স্বাভাবিক হয়ে যায়। এ সময় অনেক যাত্রীকে হেঁটে গন্তব্যে রওনা হতে দেখা যায়।
মাসুদ হোসেন নামের এক যাত্রী বলেন, আজকে আমার ঢাকায় সরকারি চাকরির পরীক্ষা আছে।
সিরাজগঞ্জ থেকে এসে এখানে যানজটে পড়ে আছি। বাধ্য হয়ে বাস থেকে নেমে প্রায় এক কিলোমিটার হেঁটে আমিনবাজার এসেছি। গাবতলী গিয়ে তার অন্য উপায়ে যেতে হবে।
পুলিশের দাবি, ঢাকায় রাজনৈতিক দুটি দলের কর্মসূচি থাকায় অনাকাঙ্ক্ষিত ঘটনা রোধে সন্দেহভাজনদের তল্লাশি করা হচ্ছে। জিজ্ঞাসাবাদে তাদের দেওয়া তথ্যে সন্দেহ হলে খোঁজ-খবর নেওয়া হচ্ছে।
কাউকে আটক করা হয়নি। কারো বিরুদ্ধে মামলা থাকলে তাকে গ্রেপ্তার করা হবে। প্রিজনভ্যানে করে জিজ্ঞাসাবাদের জন্যই কয়েকজনকে নেওয়া হয়েছে।
এদিকে সকাল ৯টার দিকে সেখানে পুলিশের একটি সাঁজোয়া যান আনা হয়।
ঢাকা জেলার অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস ও ট্রাফিক উত্তর বিভাগ) আব্দুল্লাহিল কাফী সাংবাদিকদের বলেন, কর্মসূচিকে কেন্দ্র করে সব ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা রোধে বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকায় তল্লাশি জোরালো করা হয়েছে।
তিনি আরো বলেন, বিভিন্ন যাত্রী পরিবহনে তল্লাশি চালিয়ে সন্দেহভাজন ব্যক্তিদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। সন্তোষজনক উত্তর পেলে ছেড়ে দেওয়া হচ্ছে। আবার অনেকের তথ্য যাচাই করে দেখতে কিছুক্ষণ তাদের অপেক্ষা করানো হচ্ছে। এখনো কাউকে আটক বা গ্রেপ্তার করা হয়নি। তবে কারো বিরুদ্ধে মামলা থাকলে তাকে গ্রেপ্তার করা হবে।