
নিজস্ব প্রতিবেদক:
বৃহস্পতিবার (৩১-ই আগষ্ট) জেলা প্রশাসনের উদ্যোগে, জেলা প্রশাসকের কার্যালয়, ঢাকার সম্মেলন কক্ষে ঢাকা জেলাধীন ইটভাটা মালিক সমিতির প্রতিনিধিবৃন্দের সাথে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
সভায় ঢাকা জেলাধীন ইটভাটা সমূহ ও ইটভাটা সমূহের লাইসেন্স এবং পরিবেশ ছাড়পত্রের বর্তমান অবস্থা সম্পর্কে আলোচনা করা হয়। আলোচনা সভায় ঢাকা জেলার মান্যবর জেলা প্রশাসক জনাব আনিসুর রহমান অবৈধ ইটভাটার বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি গ্রহণের সিদ্ধান্ত ব্যক্ত করেন। তার এই সিদ্ধান্তের সাথে ইটভাটা মালিকবৃন্দ একমত প্রকাশ করেন।
সভায় সভাপতিত্ব করেন, ঢাকা জেলার মান্যবর জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট আনিসুর রহমান। উপস্থিত ছিলেন, ঢাকা জেলার অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) কাজী হাফিজুল আমিন, ঢাকা জেলার পাঁচ উপজেলার উপজেলা নির্বাহী অফিসারবৃন্দ, পরিবেশ অধিদপ্তর ঢাকা জেলা কার্যালয়ের উপ-পরিচালক, ইট প্রস্তুতকারী মালিক সমিতি কেন্দ্রীয় কমিটির সম্মানিত নেতৃবৃন্দ, ঢাকা জেলার পাঁচটি উপজেলার ইট প্রস্তুতকারী মালিক সমিতির নেতৃবৃন্দসহ ভাটা মালিকবৃন্দ।