
নুর আলম
শরীয়তপুরের জাজিরায় পুলিশের অভিযানে উদ্ধার হওয়া ২০’টি তাজা বোমা নিষ্ক্রিয় করা হয়েছে। শনিবার (২৩-সেপ্টেম্বর) সন্ধ্যা সাড়ে সাতটার দিকে পুলিশের একটি বোম-ডিসপোজাল ইউনিট এসে বোমা গুলো নিষ্ক্রিয় করে।
এর আগে শুক্রবার সন্ধ্যা থেকে মধ্যরাত পর্যন্ত অভিযান পরিচালনা করে উপজেলার মূলনা ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান আব্দুল জলিল মাদবরের বাড়ির পাশের একটি বাঁশঝাড় থেকে বোমা গুলো উদ্ধার করে জাজিরা থানা পুলিশ।
তাদের কাছে বোমা নিষ্ক্রিয় করার যন্ত্রপাতি না থাকায় উর্ধতন কর্তৃপক্ষকে জানালে তারা ঢাকার একটি বোমা-ডিসপোজাল টীমকে খবর দেয়। খবর পেয়ে ঢাকা থেকে বোমা নিষ্ক্রিয় করা দলটি শনিবার বিকেলে ঘটনাস্থল মূলনায় পৌছায়। এরপর নানা ধরনের নিরাপত্তা ব্যাবস্থা গ্রহণ করে বোম গুলো নিষ্ক্রিয় করা হয়। এসময় বিকট শব্দে কেপে উঠে পুরো এলাকা।
জাজিরা থানার ওসি (তদন্ত) মোঃ সুজন হক জানান, প্রায় মাস দুয়েক আগে লাউখোলা বাজারে চোর বেধে রাখা নিয়ে দ্বন্দ্ব সৃষ্টি হয় বর্তমান চেয়ারম্যান জলিল মাদবর ও সাবেক চেয়ারম্যান নুরুল আমিন হাওলাদার পন্থীদের সাথে। এই ঘটনায় উভয় পক্ষই দেশীয় অস্ত্র ও হাতবোমা নিয়ে সংঘর্ষে জড়ানোর চেষ্টা করছিলো। কিন্তু আমরা বিষয়টি বুঝতে পেরে মূলনায় সার্বক্ষণিক পুলিশি টহল অব্যহত রাখি। এবং ধারাবাহিক ভাবে বাড়ি বাড়ি তল্লাশি চালাই। শুক্রবার সন্ধ্যা থেকে মধ্যরাত পর্যন্ত বাড়ি বাড়ি তল্লাশি চালানোর সময় আমরা বোম গুলো উদ্ধার করি।
জাজিরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোস্তাফিজুর রহমান জানান, গোপন সংবাদের ভিত্তিতে আমরা অভিযান পরিচালনা করি। এসময় মূলনার বর্তমান চেয়ারম্যান আব্দুল জলিল মাদবরের বাড়ির সামনে একটি বাঁশঝাড় থেকে বিপুল পরিমাণ দেশীয় অস্ত্র ও ২০’টি হাতবোমা উদ্ধার করি। উদ্ধারকৃত বোম গুলো ঘটনাস্থলে রেখে দীর্ঘ ২৭ ঘন্টা পাহারা দেই। পরে ঢাকা থেকে পুলিশের একটি বোম-ডিসপোজাল টীম এসে বোমা গুলো নিষ্ক্রিয় করে। ঘটনা তদন্ত করে দোষীদের আইনের আনা হবে।