
সানাউল্লাহ রেজা শাদ,বরগুনা:
বরগুনায় একঘন্টার জন্য বরগুনা জেলা প্রশাসকের (ডিসি) দায়িত্ব পেয়েছেন এক কলেজছাত্রী। রবিবার (২২ অক্টোবর) দুপুর সাড়ে ১২ টা থেকে দেড়টা পর্যন্ত প্রতীকী হিসেবে তিনি এ দায়িত্ব পালন করেন।
কন্যা শিশু দিবস উপলক্ষে নারী ক্ষমতায়নের লক্ষ্যে বরগুনা জেলা প্রশাসক কার্যালয়ের সুবর্ণ জয়ন্তী মিলনায়তনে এ আয়োজন করা হয়। প্ল্যান ইন্টারন্যাশনাল বাংলাদেশের সহযোগিতায় ও ন্যাশনাল চিল্ড্রেন টান্সফোর্স (এনসিটিএফ) বরগুনার সদস্যদের অংশগ্রহণে বেসরকারি উন্নয়ন সংস্থা সিবিডিপি এ আয়োজন করে।
অনুষ্ঠানে প্রতীকী দায়িত্ব পাওয়া জেলা প্রশাসক তাইয়েবা ইসলাম অরনী বরগুনা সরকারি কলেজের একাদশ শ্রেণির শিক্ষার্থী। সে ন্যাশনাল চিল্ড্রেন টাস্ক ফোর্স (এনসিটিএফ) বরগুনা সদর উপজেলা সাংগঠনিক সম্পাদক। নতুন দায়িত্ব নিয়ে সে বরগুনাকে নারী বান্ধব জেলা হিসেবে গড়তে বাল্য বিয়ে, ইভটিজিং, সাইবার বুলিং, কিশোর গ্যাং প্রতিরোধ, নারী স্বাস্থ্য সুরক্ষাসহ নারীর প্রতি সংহিংসতা রোধে কাজ করার জন্য বরগুনার জেলা প্রশাসক মোহ: রফিকুল ইসলামের কাছে সুপারিশমালা তুলে ধরেন।
এনসিটিএফ বরগুনা সদরের সভাপতি উম্মে হাবিবা রূপার সভাপতিত্বে ও সদর এনসিটিএফের শিশু সংসদ সদস্য আকিব হোসেন রাফির সঞ্চালনায় এসময় অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ফয়সাল আহমেদ, বরগুনা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক জাফর হোসেন হাওলাদার, সিবিডিপির নির্বাহী পরিচালক জাকির হোসেন মিরাজ, বরগুনা প্রেসক্লাবের সাবেক সভাপতি চিত্ত রঞ্জন শীল, জেলা টেলিভিশন সাংবাদিক ফোরামের সভাপতি অ্যাডভোকেট সোহেল হাফিজ, অনলাইন সাংবাদিক ফোরামের সভাপতি আবু জাফর সালেহ প্রমুখ উপস্থিত ছিলেন।
প্রতীকী দায়িত্ব পাওয়া জেলা প্রশাসক তাইয়েবা ইসলাম অরনীর সুপারিশসমূহ আমলে নেয়ার আশ্বাস দিয়ে জেলা প্রশাসক মোহা: রফিকুল ইসলাম বলেন, বিশ্বে নেতৃত্ব দিচ্ছে নারীরা। নারীর অবদান দেশের গুরুত্বপূর্ণ স্থানে। আজকের তরুণ প্রজন্ম ও নারীরাই একদিন দেশের উন্নয়নে কাজ করবে। প্রতীকী জেলা প্রশাসকের সুপারিশগুলো আমরা গুরুত্বসহকারে বাস্তবায়ন করার চেষ্টা করবো।