
রফিকুল ইসলাম রফিক
কুড়িগ্রাম প্রতিনিধিঃ
কুড়িগ্রামে মোস্তাফিজার নামের এক মাদকাসক্ত ছেলেকে পুলিশে দিয়েছে তার অতিষ্ঠ মা-বাবা।
আজ বুধবার (২৯ নভেম্বর) সকালে উপজেলার সদর ইউনিয়নের চন্দ্রখানা আগটারী এলাকায় ঘটনাটি ঘটে।
মোস্তাফিজার রহমান (২৯) ওই এলাকার আব্দুর রহমান ও আন্জুয়ারা বেগম দম্পতির ছেলে।
পুলিশ সুত্রে জানাযায়, মাদকাসক্ত মোস্তাফিজার রহমান প্রতিদিন নেশার টাকার জন্য বাবা-মাকে চাপ দিতো। নেশার টাকা না দিলে প্রায়ই বাবা-মাকে মারপিট করতো। বাড়িতে হাঁড়িপাতিলসহ বিভিন্ন জিনিসপত্র ভাঙচুর করতো। তার অত্যাচারে বাবা-মা সহ পরিবারের সবাই অতিষ্ঠ হয়ে পড়েছে। বুধবার সকালেও বাবা-মার কাছে টাকা দাবি করে মোস্তাফিজার। না দেয়ায় বাবা-মাকে মারপিট করে এবং বাড়ীর আসবাবপত্রসহ বিভিন্ন জিনিসপত্র ভাঙচুর করলে পরিবারের লোকজন ফুলবাড়ী থানায় খবর দেন। খবর পেয়ে ফুলবাড়ী থানার পুলিশ ঘটনাস্থলে গেলে বাবা-মাসহ পরিবারের লোকজন উক্ত মাদকাসক্ত মোস্তাফিজুর রহমানকে পুলিশে সোর্পদ করে। দুপুরে ফুলবাড়ী থানায় উপস্থিত হয়ে মা আনজুয়ারা বেগম বাদি হয়ে ছেলে মোস্তাফিজারের বিরুদ্ধে মারপিট ও ভাঙচুরের অপরাধে মামলা দায়ের করেন।
বাবা আব্দুর রহমান ও মা আনজুয়ারা বেগম বলেন, সে প্রতিদিন নেশার টাকার জন্য চাপ দিতো। টাকা না দিলে সে আমাদের মারপিট করতো। এমনকি বাড়ীতে দামী আসবাবপত্রসহ ভাঙচুর করতো। আমরা তার অত্যাচারে বাড়ির সবাই অতিষ্ঠ হয়ে পড়েছি। তাই বাধ্য হয়েই তাকে পুলিশে সোর্পদ করলাম।
ফুলবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) প্রাণকৃষ্ণ দেবনাথ দৈনিক শিক্ষাডটকমকে জানান, মাদকাসক্ত ছেলে মোস্তাফিজারের বিরুদ্ধে তার মা বাদি হয়ে মামলা দায়ের করেছেন। বুধবার দুপুরে মাদকাসক্ত মোস্তাফিজারকে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।