
নুর হোসেন রিপনঃ
রামগঞ্জ (লক্ষ্মীপুর) প্রতিনিধি
লক্ষ্মীপুরের রামগঞ্জে স্ত্রীর লাঠির আঘাতে স্বামী আবুল বাশার (৫০) নিহত হয়েছেন।
মঙ্গলবার (৬ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৮টার দিকে উপজেলার ৫নং চন্ডিপুর ইউনিয়নের ০৯ নং ওয়ার্ড ফতেপুর গ্রামের দিঘীরপাড় এলাকায় ওয়ারিশ পাটোয়ারীর বাড়িতে এ ঘটনা ঘটে।
রামগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সোলাইমান বিষয়টি নিশ্চিত করেছেন।
ঘটনার পর রামগঞ্জ থানা পুলিশ আবুল বাশারের লাশ উদ্ধার করে।এ ঘটনায় নিহতের স্ত্রী কোহিনুর বেগমসহ পুত্রবধূ দীপা ও মেয়ে রাফা সহ ৩ জনকে আটক করেছে পুলিশ। নিহত আবুল বাশার ওই গ্রামের ওয়ারিশ বাড়ির মৃত হাবিব উল্লাহর ছেলে।
আবুল বাশারের বড় বোন আমেনা বেগম বলেন, গত তিন দিন ধরে ভাইয়ের বাড়িতে বেড়াতে এসেছি। আমার ভাই ও ভাবির মধ্যে প্রতিদিন ঝগড়া, মারামারি হয়। প্রতিদিনের মত আজকেও সকালে ভাইয়ের সাথে তার অনেক ঝামেলা হয়েছিল। এক পর্যায়ে তাকে লাঠিসোঁটা ও ধাক্কা দিয়ে নিক্ষেপ করা হয়। পরে আমার ভাই গুরুতর আহত হয়। এছাড়াও, আমার ভাইয়ের স্ত্রী কোহিনুর বেগম, ছেলের স্ত্রী ও মেয়ে রাফা হাসপাতালে নিতে না দেওয়ায় বাড়িতেই মারা গেছে তিনি। আমি এর বিচার চাই।
রামগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সোলাইমান বলেন, জিজ্ঞাসাবাদের জন্য তিনজনকে আটক করা হয়েছে। লাশ ময়নাতদন্তের জন্য লক্ষ্মীপুর সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। মামলার প্রস্তুতি চলছে।