
সানাউল্লাহ রেজা শাদ,বরগুনা :
বরগুনায় বিএনপি-জামায়াতের ৬ নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার (৩১ অক্টোবর) তাদের কারাগারে প্রেরণ করা হয়েছে।
এর মধ্যে তালতলীতে অবরোধে নাশকতার পরিকল্পনার অভিযোগে বিএনপির ৫ নেতা কর্মীকে গ্রেফতারের সময় ৩ জনের কাছ থেকে ৫ টি ককটেল উদ্ধার করা হয়েছে। তারা হলেন- উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক হুমায়ূন আহমেদ, উপজেলা যুবদলের সদস্য শাহরিয়ার নাঈম, উপজেলা বিএনপি কর্মী মো. রুবেল, নান্টু হাওলাদার ও মো. মাসুম মৃধা।
পুলিশ জানায়, বিএনপি ঘোষিত তিন দিনের অবরোধ বাস্তবায়নে নাশকতার পরিকল্পনা করে বিএনপি-জামায়াতের নেতারা। এর সুনির্দিষ্ট তথ্য পেয়ে মঙ্গলবার ভোর রাতে অভিযান চালিয়ে তাদেরকে গ্রেপ্তার এবং ৫টি ককটেল উদ্ধার করা হয়।
তালতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম মিলন বলেন, ২ জনকে নাশকতা করার পরিকল্পনার মামলায় গ্রেফতার দেখানো হয়েছে। বাকি তিনজনসহ অজ্ঞাত আসামি করে পুলিশ বাদী হয়ে বিস্ফোরক আইনে মামলা করেছে। তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
এর আগে সোমবার (৩০ অক্টোবর) রাতে বরগুনা পৌরসভা জামাত শিবির শ্রমিক কল্যাণ ফেডারেশন এর সভাপতি আবু হাসানকে গ্রেপ্তার করে বরগুনার ডিবি পুলিশ। আদালতের মাধ্যমে তাকেও কারাগারে প্রেরণ করা হয়েছে।