
রফিকুল ইসলাম রফিক, কুড়িগ্রাম:
কুড়িগ্রামের পঞ্চম শ্রেণীর তিন শিক্ষার্থী নিখোঁজের চারদিন পর কক্সবাজার জেলা থেকে উদ্ধার করেছে পুলিশ।
আজ মঙ্গলবার (২১নভেম্বর) দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন ভুরুঙ্গামারী থানার অফিসার ইনচার্জ (ওসি) রুহুল আমিন।
কুড়িগ্রামের ভুরুঙ্গামারী উপজেলার পাইকেরছড়া ইউনিয়ন থেকে গত ১৬ নভেম্বর তারা নিখোঁজ হয়। তিন জন ঐ ইউনিয়নের বেলদহ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থী।
এ ঘটনায় নিখোঁজ ছাত্র-ছাত্রীদের পরিবারের লোকজন ভূরুঙ্গামারী থানায় তিনটি পৃথক সাধারণ ডাইরি (জিডি) করেন।
পুলিশ জানায়, নিখোঁজ স্কুল ছাত্র-ছাত্রীদের হারানোর বিষয়ে জিডির প্রেক্ষিতে ভূরুঙ্গামারী থানা পুলিশ আত্মীয়-স্বজনসহ বিভিন্ন জায়গায় অনুসন্ধান করে ব্যর্থ হয়ে পরে আধুনিক প্রযুক্তি ব্যবহার করে কক্সবাজার সদরের ডলফিন মোড় এলাকা থেকে তাদের উদ্ধার করে ভুরুঙ্গামারী থানা পুলিশ।
পরে জিজ্ঞাসাবাদে তারা জানায়,দীর্ঘদিনের শখ তারা কক্সবাজার সমুদ্র সৈকতে যাবে। পরবর্তীতে তিন সহপাঠী মিলে পরিকল্পনা করে পরিবারের কাউকে না জানিয়ে প্রায় ২৮ হাজার টাকা বাড়ি থেকে চুরি করে কক্সবাজারের উদ্দেশে রওনা করে তারা।
ওসি রুহুল আমিন জানান, তাদের উদ্ধার করে থানায় নিয়ে এসে উপজেলা সমাজসেবা কর্মকর্তার উপস্থিতিতে নারী ও শিশু অফিসারের সহায়তায় তাদের নিজ নিজ অভিভাবকের নিকট হস্তান্তর করা হয়েছে।