
নুর আলম:
সিলেটের জৈন্তাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসকের উপর হামলা ও সরকারি সম্পদ বিনষ্টের প্রতিবাদে শরীয়তপুরের জাজিরায় বিক্ষোভ ও মানববন্ধন করা হয়েছে। সোমবার (২২-জানুয়ারি) সকালে জাজিরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে এই মানববন্ধন ও বিক্ষোভের আয়োজন করা হয়।
জাজিরা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মাহমুদুল হাসানের সভাপতিত্বে অনুষ্ঠিত বিক্ষোভ ও প্রতিবাদ সভায় উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আর এম ও ডা.রোমান বাদশাহ, মেডিকেল অফিসার ডা.কবির আলম, ডা. রাবেয়া, নার্স সুপারভাইজার রেখা রানী সহ হাসপাতালে সেবা দানকারী সকল শ্রেণীর স্বাস্থ্যকর্মীরা।
এসময় উপস্থিত স্বাস্থ্য কর্মীরা সিলেটের জৈন্তাপুরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক, নার্স সহ সেবা দানকারীদের ব্যাক্তিদের উপর হামলা, সরকারি গাড়িতে অগ্নিসংযোগ, এম্বুলেন্স সহ জরুরি বিভাগের ও সরকারি স্থাপনা ভাঙচুরের তিব্র নিন্দা ও প্রতিবাদ জানান। পাশাপাশি এই ঘটনায় জড়িতদের গ্রেপ্তার করে দ্রুত বিচারের আওতায় আনা সহ তাদের কর্মস্থলের নিরাপত্তা বাড়ানোর দাবি জানানো হয়।
উল্লেখ্য, গত ১৯-শে জানুয়ারী রাতে সিলেটের জৈন্তাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসকদের উপর হামলা চালায় দুর্বৃত্তরা। হামলাকারীদের দ্রুত আইনের আওতায় আনার দাবীতে সারাদেশের ন্যায় জাজিরাতেও এই প্রতিবাদ সভার আয়োজন করা হয়। প্রতিবাদ সভায় অংশ নেয়া স্বাস্থ্যকর্মীরা তাদের কর্মস্থল নিরাপদ ও স্বাস্থ্য সুরক্ষার জন্য আইন বাস্তবায়ন করার দাবী করেন।