
বিশেষ প্রতিনিধি:
মুসলিম সম্প্রদায় রমজান মাসের শেষ শুক্রবার জুমাতুল বিদা পালন করে থাকে। ৫ এপ্রিল শুক্রবার পবিত্র জুমাতুল বিদা। এটি রমজান মাসকে এক বছরের জন্য বিদায়ের ইঙ্গিত দেয়।
সারাদেশের মসজিদে-মসজিদে জুমার নামাজ আদায় করার সময় দেশের কোটি কোটি মুসল্লি পবিত্র রমজান মাসকে বিদায় জানিয়ে বিশেষ দোয়া মোনাজাত করে। আজকের এইদিন জুমার সবচেয়ে বড় জামায়াত অনুষ্ঠিত হয় রাজধানীর জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে। সারা দেশের সব মসজিদে খতিব ও আলেমরা জুমাতুল বিদার তাৎপর্য নিয়ে বয়ান পেশ করেন। বায়তুল মোকাররমসহ দেশের সব মসজিদে জুমার নামাজ শেষে দেশ ও জাতির কল্যাণ এবং মুসলিম উম্মাহর ঐক্য, সমৃদ্ধি ও শান্তি কামনায় বিশেষ মোনাজাত করা হয়। এ ছাড়া আজকের জুমাতুল বিদার খুতবায় উচ্চারিত হয়—‘আল বিদা, আল বিদা, ইয়া শাহরু রমাদান।’ অর্থাৎ, বিদায়, বিদায় হে মাহে রমজান।
মুসলমানদের কাছে জুমাতুল বিদার গুরুত্ব অনেক। রমজান মাস সীমাহীন ফজিলতের মাস। হাদিসে আছে—হজরত আবু হুরায়রা (রা.) বলেছেন, ‘রাসুল (সা.) এরশাদ করেছেন—যখন রমজান মাস আসে আসমানের দরজাগুলো খুলে দেওয়া হয় এবং দোজখের দরজাগুলো বন্ধ করে দেওয়া হয়, আর শয়তানকে শৃঙ্খলিত করা হয়’ (বুখারী, মুসলিম)। তাই সারা বছরের মধ্যে মুমিনের কাছে রমজান খুবই গুরুত্বপূর্ণ। জুমাতুল বিদার মাধ্যমে কার্যত রোজাকে বিদায় জানানো হয়।
মুসলমানদের কাছে এমনিতেই সপ্তাহের অন্য দিনের চেয়ে শুক্রবারের মর্যাদা বেশি। আর রমজান মাসের শুক্রবারগুলোর মর্যাদা আরও অধিকতর। অনেক ধর্মপ্রাণ মুসল্লি নামাজ শুরুর অনেক আগেই মসজিদে গিয়ে অবস্থান করেন। সেখানে কোরআন তিলাওয়াত, নফল নামাজ আদায়, জিকির-দরুদ পাঠ করবেন। এ ছাড়া অনেকে নিজের পরিবার ও প্রয়াত আত্মীয়-স্বজনের মা,বাবার আত্মার মাগফিরাত কামনায় টাকা পয়সা,খাবার,মালামাল দান করেন। নেকী হাছিলের মাস রমজান মাস। সেই মাস বিদায় নিচ্ছে । আবার এক বছর পর ফিরে আসবে এই মাসটি। সে কারণে নেকী হাত ছাড়া না করতে অনেকে দীর্ঘক্ষণ কাটাবেন মসজিদে।