
নিজস্ব প্রতিবেদক, (পাবনা)
মোঃ গোলাম মোস্তফা :
পাবনার ঈশ্বরদীর পৌরশহরের শেরশাহ রোডে এক ভয়াবহ ডাকাতির ঘটনা ঘটেছে। শনিবার (১৫ নভেম্বর) বিকেল ৩টা থেকে রাত সাড়ে ৯টা পর্যন্ত মশিউর রহমান মজনুর বাড়ির দ্বিতীয় তলায় বসবাসরত ভাড়াটিয়া আল্পনা খাতুনের (৪০) বাসায় সশস্ত্র ডাকাত দল এই ঘটনা সংঘটিত করে।
জানা যায়, বিকাল ৩টার দিকে শুটার আলমগীর (৪৫) নামে পরিচিত এক ব্যক্তি পানি পানের কথা বলে তিন সহযোগীকে সঙ্গে নিয়ে আল্পনার বাসায় প্রবেশ করেন। এরপর বন্দুকের মুখে আল্পনা ও তার দুই ছেলে—অনুপম আহমেদ গৌরব (২৩) এবং অর্ক বিশ্বাসকে (১৫) জিম্মি করে তারা। প্রায় ৬ ঘণ্টা ধরে জিম্মি রেখে ফ্ল্যাটের আলমারি ভেঙে প্রায় পাঁচ লাখ টাকা, সাত ভরি স্বর্ণালংকার এবং চারটি মোবাইল ফোন লুট করে তারা।
লুটের পর তিন সহযোগী পালিয়ে গেলেও আলমগীর বাসার ভেতরে থাকতে দেখা যায়। সুযোগ বুঝে আলমগীরকে একটি কক্ষে আটকে রাখা হয়। আলমগীর দরজা ভাঙার চেষ্টা করলে গৌরব রড দিয়ে তাকে আঘাত করেন। এতে আলমগীর পড়ে গেলে তার হাত থেকে একটি ইতালিয়ান পিস্তল উদ্ধার করা হয়। তবে লাইফ-থ্রেট অনুভব করে আলমগীর ঘরের রান্না ঘরের গ্রিল ভেঙে পালিয়ে যায়।
খবর পেয়ে ঈশ্বরদী থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে একটি বিদেশি পিস্তল, ১২ রাউন্ড গুলিসহ একটি ম্যাগাজিন এবং নম্বরবিহীন একটি মোটরসাইকেল উদ্ধার করে। পুলিশ জানায়, ঘটনায় জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারের জন্য তদন্ত চলছে।