
বগুড়া জেলা প্রতিনিধি
ওহাব সরকার :
বগুড়ার শাজাহানপুর থানা পুলিশের নিয়মিত মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে আবারও অবৈধ মাদকদ্রব্যসহ এক মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে। মাদকের বিস্তার রোধে পুলিশের এ অভিযান এলাকায় ব্যাপক প্রশংসা কুড়িয়েছে।
থানা সূত্রে জানা যায়, ২৪ নভেম্বর ২০২৫ খ্রিঃ রাত ২২টা ৩০ মিনিটে শাজাহানপুর থানার এসআই (নিঃ) মোঃ গোলাম মোস্তফা সঙ্গীয় অফিসার ফোর্সসহ গোপন সংবাদের ভিত্তিতে ১৩ নং ওয়ার্ডের সড়কপাড়া শাকিন এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করেন।
গোপন তথ্য অনুযায়ী করতোয়া নদীর ব্রিজ সংলগ্ন কলা বাগানে কয়েকজন মাদকসেবী ও ব্যবসায়ী মাদক লেনদেনে জড়ো হয়েছে—এমন খবরের ভিত্তিতে পুলিশ দ্রুত সেখানে পৌঁছে ঘেরাও অভিযান চালায়। পুলিশের উপস্থিতি টের পেয়ে কয়েকজন পালানোর চেষ্টা করলেও একজনকে ঘটনাস্থল থেকে আটক করতে সক্ষম হয় পুলিশ।
অভিযানে আটক ব্যক্তির নাম মোঃ সোহেল রানা (২৬), পিতা—মৃত কছিম উদ্দিন, সাং—মাদলা, থানা—শাজাহানপুর, জেলা—বগুড়া। তল্লাশি চালিয়ে তার হেফাজত থেকে মোট ১৫০ (একশত পঞ্চাশ) গ্রাম গাঁজা উদ্ধার করা হয়।
পুলিশ জানায়, আটক সোহেল রানা দীর্ঘদিন ধরে এলাকায় গাঁজাসহ বিভিন্ন ধরনের মাদকদ্রব্য ক্রয়-বিক্রয়ের সঙ্গে জড়িত ছিল। তার বিরুদ্ধে পূর্বেও একাধিক অভিযোগ থাকলেও সে ধরা-ছোঁয়ার বাইরে ছিল।
এ ঘটনায় শাজাহানপুর থানায় মাদক নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা দায়ের করা হয়েছে। পরবর্তীতে আইনি প্রক্রিয়া শেষে অদ্য ২৫ নভেম্বর ২০২৫ খ্রিঃ তাকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।
পুলিশের পক্ষ থেকে জানানো হয়, মাদক নির্মূলে এ ধরনের অভিযান চলমান থাকবে এবং মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে শূন্য সহনশীল নীতি অনুসরণ করা হবে।