
মোঃ মাসুদ রানা,ঝিনাইদহ প্রতিনিধিঃ
ঝিনাইদহ জেলা প্রশাসক আব্দুল্লাহ আল মাসউদ বলেছেন,বিগত দিনের মতো আর নির্বাচন হবে না। এবারের জাতীয় সংসদ নির্বাচন হবে স্বচ্ছ, নিরপেক্ষ ও আইনানুগ। শৃঙ্খলা ভঙ্গকারীর প্রতি কোন ছাড় দেওয়া হবে না।
তিনি আরও বলেন, সুষ্ঠু নির্বাচন সম্পন্ন করতে নির্বাচন কমিশন ও জেলা প্রশাসন কঠোর অবস্থানে থাকবে।
বৃহস্পতিবার দুপুর ১২টায় ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলা পরিষদ সভাকক্ষে সরকারী কর্মকর্তা, জনপ্রতিনিধি ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গের সঙ্গে আয়োজিত এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
কালীগঞ্জ উপজেলা প্রশাসনের আয়োজনে অনুষ্ঠিত এই সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার রেজওয়ানা নাহিদ। সভায় আসন্ন জাতীয় সংসদ নির্বাচন, আইনশৃঙ্খলা পরিস্থিতি, বাল্যবিবাহ ও যৌতুক প্রতিরোধ, আত্মহত্যা রোধ, ডেঙ্গু পরিস্থিতি, উন্নয়নমূলক কর্মকাণ্ড, শিক্ষা এবং দুর্নীতি বিরোধী কার্যক্রমসহ সামগ্রিক বিষয় নিয়ে আলোচনা হয়।
জেলা প্রশাসক আরও বলেন, উপজেলার সরকারি সব দপ্তরের কর্মকর্তাদের নিষ্ঠা ও দায়িত্বশীলতার সঙ্গে কাজ করতে হবে। জনগণের সেবা ও উন্নয়নমূলক কার্যক্রম যেন বাধাগ্রস্ত না হয়। কোনো ধরনের অবহেলা বা অনিয়ম বরদাস্ত করা হবে না।তিনি মাদক প্রতিরোধ ও আইনশৃঙ্খলা উন্নয়নে সরকারের কঠোর অবস্থানের কথাও তুলে ধরেন।মতবিনিময় সভার শুরুতে পরিচিতি পর্ব শেষে উপজেলার সার্বিক চিত্র উপস্থাপন করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শাহিন আলম।
এরপর বিভিন্ন বিষয়ে আলোচনাও মতামত দেন কালীগঞ্জ থানার নবাগত ওসি জেল্লাল হোসেন, ঝিনাইদহ-৪ আসনের জামায়াতের প্রার্থী মাওলানা আবু তালিব, বিএনপির মনোনয়ন প্রত্যাশী মুরশিদা জামান বেল্টু, বিএনপি নেতা ইলিয়াস রহমান মিঠু, আনোয়ারুল ইসলাম রবি, মাহবুবুর রহমান মিলন, ইসরাইল হোসেন, গণ অধিকার পরিষদের নেতা ইকবাল জাহিদ রাজন, সাংবাদিক জামির হোসেন, উপজেলা কৃষি কর্মকর্তা মাহবুব আলম রনি, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. রেজাউল ইসলামসহ মুক্তিযোদ্ধা,শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান এবং সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।