
মনিরুজ্জামান মিলন পাটোয়ারী,
নীলফামারী প্রতিনিধিঃ
নীলফামারীর জলঢাকায় ২০২৫–২০২৬ অর্থবছরের কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় হলুদ ফসলের আবাদ বাড়াতে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণ কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। রবিবার (৮ মার্চ) সকালে উপজেলা কৃষি সম্প্রসারণ কার্যালয় প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ কার্যক্রমের উদ্বোধন করেন নীলফামারী–৩ (জলঢাকা) আসনের সংসদ সদস্য মাওলানা ওবায়দুল্লাহ সালাফী (এমপি)। অনুষ্ঠানটির আয়োজন করে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, জলঢাকা। উপজেলা নির্বাহী অফিসার জাহিদ ইমরুল মোজাক্কিন এর সভাপতিত্বে অনুষ্ঠিত এ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মিজানুর রহমান, উপজেলা সমাজসেবা কর্মকর্তা কামরুজ্জামান, জনস্বাস্থ্য প্রকৌশলী কর্মকর্তা আব্দুল গফুর তালুকদার, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা সাদেকুর রহমান, উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা সামজেদুল ইসলাম, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা পুরবী রানী রায়, প্রমুখ। অনুষ্ঠানে উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মিজানুর রহমান জানান, উপজেলার ১১টি ইউনিয়ন ও একটি পৌরসভা থেকে নির্বাচিত ৩৫ জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মধ্যে এ সহায়তা প্রদান করা হচ্ছে। প্রত্যেক কৃষককে হলুদ চাষের জন্য বীজের পাশাপাশি এমওপি ও ডিএপি রাসায়নিক সার দেওয়া হচ্ছে, যাতে তারা সহজে হলুদ আবাদ শুরু করতে পারেন এবং উৎপাদন বাড়াতে সক্ষম হন। প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য মাওলানা ওবায়দুল্লাহ সালাফী (এমপি) বলেন, কৃষকদের সহায়তা করতে সরকার নিয়মিত বিভিন্ন ধরনের প্রণোদনা কার্যক্রম বাস্তবায়ন করছে। তিনি বলেন, জলঢাকার মাটি কৃষি উৎপাদনের জন্য অত্যন্ত উপযোগী। তাই এ এলাকার কৃষকদের উচিত এ সুযোগ কাজে লাগিয়ে বেশি করে ফসল উৎপাদন করা। কৃষকদের উদ্দেশে তিনি বলেন, আপনারা যদি আধুনিক পদ্ধতিতে চাষাবাদ করেন, তাহলে জলঢাকা খুব দ্রুত একটি সমৃদ্ধ কৃষি অঞ্চলে পরিণত হবে। এ ক্ষেত্রে কৃষকদের পাশে থেকে প্রয়োজনীয় সহযোগিতা দেওয়ার আশ্বাসও দেন তিনি। অনুষ্ঠানে বিভিন্ন ইউনিয়নের কৃষক, জনপ্রতিনিধি ও সুধীজন উপস্থিত ছিলেন। পরে নির্বাচিত কৃষকদের হাতে হলুদ বীজ ও রাসায়নিক সার তুলে দেওয়া হয়।