
ইকবাল হোসেন
বিশেষ প্রতিনিধি
ময়মনসিংহের ত্রিশালে একটি মানবিক উদ্যোগ হিসেবে নিয়মিতভাবে বিনামূল্যে খাবার বিতরণ কার্যক্রম পরিচালনা করছে পিবি উন্নয়ন ফাউন্ডেশন। এরই ধারাবাহিকতায় বৃহস্পতিবার ফাউন্ডেশনের উদ্যোগে আবারও অসহায় ও দুস্থ মানুষের মাঝে খাবার বিতরণ করা হয়েছে।
দুপুরে ফাউন্ডেশনের কার্যালয়ে বিশ্বের সকল মুসলিম মৃত ব্যক্তিদের রুহের মাগফেরাত কামনায় একটি দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। দোয়া শেষে পৌর শহরসহ উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে আগত পথশিশু, ভিক্ষুক ও অসহায় প্রায় তিন শতাধিক মানুষের মাঝে খাবার পরিবেশন করা হয়। এদিনের খাদ্যতালিকায় ছিল সাদা ভাত, মুরগির মাংস ও মুগ ডাল।
খাবার পেয়ে উপকারভোগীরা সন্তুষ্টি প্রকাশ করেন এবং আয়োজকদের প্রতি কৃতজ্ঞতা জানান। মানবিক এই কার্যক্রমে অংশগ্রহণকারীরা পেটভরে খাবার গ্রহণ করেন।
এ সপ্তাহের খাবার বিতরণ কার্যক্রম পরিদর্শনে উপস্থিত ছিলেন সৌদি প্রবাসী,বিশিষ্ট ব্যবসায়ী ও মানবতার ফেরিওয়ালা জাহাঙ্গীর ইসলাম। তিনি নিজ হাতে অসহায়দের মাঝে খাবার বিতরণ করেন এবং তাদের সঙ্গে বসে খাবার গ্রহণ করেন। এ উদ্যোগের প্রশংসা করে তিনি বলেন, “এমন মহৎ উদ্যোগ খুব কমই দেখা যায়।” তিনি সমাজের বিত্তবানদের এ ধরনের মানবিক কার্যক্রমে এগিয়ে আসার আহ্বান জানান। তিনি আরও বলেন সমাজের অসচ্ছল মানুষের পাশে দাঁড়ানো আমাদের নৈতিক দায়িত্ব। প্রবাসে থেকেও দেশের মানুষের জন্য কিছু করতে পারা তার কাছে গর্বের বিষয়। তিনি এ ধরনের মানবিক উদ্যোগ অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেন।
এসময় উপস্থিত ছিলেন পিবি উন্নয়ন ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান সোহেল রানা, ফাউন্ডেশনের অন্যান্য সদস্যবৃন্দ এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।
উল্লেখ্য, পিবি উন্নয়ন ফাউন্ডেশন প্রতি সপ্তাহে এ ধরনের খাবার বিতরণ কার্যক্রম পরিচালনা করে আসছে, যা স্থানীয়ভাবে প্রশংসিত হচ্ছে।