মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ০৩:২১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
রাজশাহীতে বাড়ির টিনের বেড়া ও ছাউনি খুলে চুরি, ক্ষতি ৮১ হাজার টাকা ঝিনাইদহে ডাকাতির কবলে পড়ে আতঙ্কে অ্যাম্বুলেন্সে সন্তান প্রসব, নবজাতকের মৃত্যু; গ্রেপ্তার ১ পটুয়াখালীর কুয়াকাটায় শুরু হতে যাচ্ছে শতবছরের ঐতিহ্যবাহী রাস উৎসব কিডনী রোগে আক্রান্ত ৪ বছরের অপর্ণা, বাঁচাতে প্রয়োজন আর্থিক সহযোগিতা গফরগাঁওয়ে থামছে না ট্রান্সফরমার চুরি, বিপাকে গফরগাঁওয়ের কৃষক-গ্রাহক চাঁপাইনবাবগঞ্জ ও রাজশাহীতে পৃথক অভিযানে অস্ত্র ও হেরোইনসহ আটক ৪ কুমিল্লায় পিকআপের ধাক্কায় প্রাণ গেল অটোচালক ও যাত্রীর ভাঙ্গুড়ায় জমজমাট নারী ফুটবল টুর্নামেন্ট, মাঠজুড়ে দর্শকের ঢল ভাঙ্গুড়ায় শহীদ বুদ্ধিজীবী ও মহান বিজয় দিবস উদযাপনে প্রস্তুতিমূলক সভা ন‌ওগাঁর আত্রাইয়ে অটোভ্যান ছিনতাইয়ের ঘটনায় হৃদয় গ্রেপ্তার, ভ্যান উদ্ধার

টেকনাফে ইজিবাইকের পেছনে মিলল ১৩ গ্রেনেড, ৭৬ রাউন্ড এমজি গুলি

  • আপডেট সময় : রবিবার, ২২ নভেম্বর, ২০২৬
  • ১৮ বার পঠিত

বোমা ডিসপোজাল টিমের মাধ্যমে গ্রেনেডগুলো ধ্বংস, পলাতকদের বিরুদ্ধে মামলা

সাদ্দাম হোসেন সাজ্জাদ :

কক্সবাজারের টেকনাফে একটি ব্যাটারিচালিত ইজিবাইকের পেছনে রাখা বস্তা থেকে ১৩টি গ্রেনেড, ৭৬ রাউন্ড মেশিনগানের (এমজি) গুলি ও একটি খালি ম্যাগাজিন উদ্ধার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন-১৫ (এসআরবি-১৫)। পরে আদালতের নির্দেশে সেনাবাহিনীর বোমা ডিসপোজাল টিম গ্রেনেডগুলো নিরাপদে ধ্বংস ও নিষ্ক্রিয় করে।

এসআরবি-১৫-এর দেওয়া প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২০ নভেম্বর সন্ধ্যা ৬টা ৫০ মিনিটের দিকে টেকনাফের হ্নীলা ইউনিয়নের দমদমিয়া এলাকায় এ অভিযান চালানো হয়। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে এসআরবি-১৫-এর সিপিসি-১ (টেকনাফ ক্যাম্প) এর একটি আভিযানিক দল রোহিঙ্গা ক্যাম্প-২৭-এর ব্লক-সি, সাব-ব্লক-সি১২ সংলগ্ন নেচার পার্কের লাল গেটের সামনে পাকা সড়কে অভিযান চালায়।

বিজ্ঞপ্তি অনুযায়ী, অভিযানের উপস্থিতি টের পেয়ে মোহাম্মদ আয়াজ ওরফে রুবেল (২৭) এবং অজ্ঞাতনামা তিন থেকে চারজন ব্যক্তি একটি ব্যাটারিচালিত ইজিবাইকের পেছনে যাত্রী বসার স্থানে পুরোনো সাদা প্লাস্টিকের বস্তা ফেলে পালিয়ে যান। পরে সাক্ষীদের উপস্থিতিতে বস্তাটি তল্লাশি করে বিস্ফোরক ও গোলাবারুদগুলো উদ্ধার করা হয়।

উদ্ধার করা আলামতের মধ্যে রয়েছে সাতটি গ্রেনেড, ছয়টি এজিএল (AGL) গ্রেনেড, ৭৬ রাউন্ড এমজি গুলি, একটি খালি ম্যাগাজিন ও একটি পুরোনো ব্যাটারিচালিত ইজিবাইক। গ্রেনেডগুলোর মডেল ও লট নম্বর স্পষ্ট ছিল না বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।

এসআরবি-১৫ জানায়, গ্রেনেডগুলো ঝুঁকিপূর্ণ হওয়ায় সেগুলো ধ্বংস ও নিষ্ক্রিয় করার জন্য আদালতের নির্দেশনা চাওয়া হয়। পরে কক্সবাজারের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত-৫-এর নির্দেশে ১০ পদাতিক ডিভিশন, রামু সেনানিবাসের বোমা ডিসপোজাল টিম শীলখালী এয়ার ডিফেন্স ফায়ারিং রেঞ্জে গ্রেনেডগুলো ধ্বংস ও নিষ্ক্রিয় করে।

এ ঘটনায় পলাতক আসামিদের বিরুদ্ধে দ্য আর্মস অ্যাক্ট, ১৮৭৮-এর ১৯(এফ) ধারা এবং দ্য এক্সপ্লোসিভ সাবস্ট্যান্সেস অ্যাক্ট, ১৯০৮-এর ৪ ও ৬ ধারায় টেকনাফ মডেল থানায় মামলা করা হয়েছে বলে প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়।

প্রেস বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, অভিযানে সংশ্লিষ্ট ব্যক্তিরা মাদক কেনাবেচার উদ্দেশ্যে সেখানে অবস্থান করছিলেন বলে গোয়েন্দা তথ্য ছিল। তবে এ বিষয়ে স্বাধীনভাবে অন্য কোনো সূত্রের বক্তব্য পাওয়া যায়নি।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2022 daily Ajker Songram
Customized By Shakil IT Park