
মোঃ মাসুদ রানা,
ঝিনাইদহ প্রতিনিধি:
ঝিনাইদহ সদর উপজেলায় বড় ভাইয়ের কোদালের কোপ ও মারধরে ছোট ভাই সোহান মন্ডল (২৬) নিহত হয়েছেন। শনিবার (১৭ অক্টোবর) সন্ধ্যা ৬টার দিকে উপজেলার বকশি-চাঁদপুর গ্রামে এ ঘটনা ঘটে। এ ঘটনায় অভিযুক্ত বড় ভাই সুমন মন্ডল পলাতক রয়েছেন।
নিহত সোহান মন্ডল ওই গ্রামের ইজাল মন্ডলের ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, পারিবারিক বিভিন্ন বিষয় নিয়ে সুমন মন্ডল ও সোহানের স্ত্রীর মধ্যে প্রায়ই ঝগড়া হতো। এরই জের ধরে বিকেল ৫টার দিকে গ্রামের মাঠে সোহানের সঙ্গে বড় ভাই সুমনের কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে সুমন পাশের একটি কোদাল দিয়ে সোহানের মাথার পেছনে আঘাত করেন। এ সময় তাঁকে আরও কয়েকটি আঘাত করা হয়।
সোহানের চিৎকার শুনে স্থানীয় লোকজন ছুটে এলে সুমন পালিয়ে যান। পরে স্থানীয়রা সোহানকে উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
ঝিনাইদহ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদউজ্জামান বলেন, পারিবারিক বিরোধের জেরে এ ঘটনা ঘটেছে। অভিযুক্ত বড় ভাই সুমন মন্ডলকে আটক করতে পুলিশের অভিযান চলছে।