
মোঃ দেলোয়ার হোসেন শিমুল,
নওগাঁ জেলা প্রতিনিধি:
নওগাঁর সাপাহার উপজেলার মরাডাঙ্গা ময়নাকুড়ি ফুটবল মাঠে আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন করা হয়েছে। শুক্রবার (১৬ অক্টোবর) বিকেলে স্থানীয় ফুটবলপ্রেমীদের উপস্থিতিতে এ টুর্নামেন্টের উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয়।
শিরন্টি ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী ও শিরন্টি ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ইসমাইল হোসেন এ ফুটবল টুর্নামেন্টের আয়োজন করেন।
টুর্নামেন্টের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাপাহার উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সারোয়ার জাহান চৌধুরী (লাবু)। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক আকতার হোসেন এবং উপজেলা জাতীয়তাবাদী মহিলা দলের সাধারণ সম্পাদক মোসাঃ আফরুজা বেগম ঝর্ণা।
এ সময় শিরন্টি ইউনিয়ন বিএনপি ও এর অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং ক্রীড়াপ্রেমীরা উপস্থিত ছিলেন।
স্থানীয় পর্যায়ে ফুটবলের জনপ্রিয়তা বৃদ্ধি, তরুণ প্রজন্মকে খেলাধুলার প্রতি আগ্রহী করে তোলা এবং এলাকার ক্রীড়াঙ্গনে উৎসাহ-উদ্দীপনা সৃষ্টির লক্ষ্যেই এ ধরনের আয়োজনকে গুরুত্বপূর্ণ বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
ফুটবল গ্রামবাংলার অন্যতম জনপ্রিয় খেলা। এ খেলাকে কেন্দ্র করে বিভিন্ন বয়সী মানুষের মধ্যে পারস্পরিক সম্প্রীতি, সৌহার্দ্য ও ভ্রাতৃত্ববোধ গড়ে ওঠে। পাশাপাশি নিয়মিত খেলাধুলা তরুণদের শারীরিক ও মানসিক বিকাশে ইতিবাচক ভূমিকা রাখে। মরাডাঙ্গা ময়নাকুড়ি মাঠে এ টুর্নামেন্টের আয়োজন স্থানীয় ক্রীড়াঙ্গনে নতুন উদ্দীপনা সৃষ্টি করবে বলে আশা করছেন আয়োজক ও ক্রীড়াপ্রেমীরা।